চলতি ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনকে পেল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েরা। বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে অতিরিক্ত সময়ের গোলে পরাশক্তি জার্মানিকে ১-০তে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। রোববার ফাইনাল, যা হবে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবার প্রথমবারের মতো ইউরো মুকুট জয়ের হাতছানি তাদের সামনে।

এর আগে মঙ্গলবার রাতে প্রথম সেমিফাইনালে ইতালিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের আশা জাগিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।

দুইবারের ব্যালন ডি’অর জয়ী আইতানা বোনমাতি অতিরিক্ত সময়ের দুর্দান্ত এক গোলে স্পেনকে ফাইনালে তুলেছেন। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর ১১৩ মিনিটে স্পেনের জয়সূচক গোলটি করেন তিনি। ডান প্রান্তে বল পেয়ে অনেকটা দূরুহ কোণ থেকে নেয়া শটে জার্মানির গোলকিপার অ্যান-ক্যাটরিন বার্জারকে পরাস্ত করেন বার্সেলোনার তারকা খেলোয়াড় বোনমাতি। শেষ কয়েক মিনিট প্রবল চাপ তৈরি করে জার্মানরা। যদিও গোলকিপার কাতা কোল অনবদ্য ডাইভিংয়ে লিয়া সুলের গোলপ্রচেষ্টা রুখে দিয়ে স্পেনের জয় নিশ্চিত করেন।

AP25204789796055

ইউরোতে অবিশ্বাস্য রেকর্ড জার্মানির। ১৯৯৩ সালের পর এই প্রথম ইউরোর সেমিফাইনালে হারল তারা। ১৯৯৫ থেকে টানা সাত আসরে সেমিফাইনালে জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল দলটি। আর জার্মানির বিপক্ষে নয়বারের চেষ্টায় এটা স্পেনের প্রথম জয় (আগে তিন ড্র ও পাঁচটি হার)।

এবার ফাইনালের অপেক্ষা। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে ওলগা কারমোনার একমাত্র গোলে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্পেন।

কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারানোর আগ পর্যন্ত স্পেনের যাত্রা সহজই ছিল। তারা গ্রুপ পর্ব ও শেষ ষোলোয় মোট ১৪ গোল দিতে সমর্থ হয়, বিপরীতে হজম করে মাত্র ৩ গোল। এবার সেমিফাইনালে কঠিন পরীক্ষাই দিতে হলো বোনমাতিদের।