মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ইতিহাস গড়লেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে তিনি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে দারুণ বোলিং করে তাইজুল ৭৬ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। আর চতুর্থ উইকেট নিয়েই তিনি সাকিবের করা ২৪৬টি টেস্ট উইকেটের রেকর্ড স্পর্শ করেন।
২৪৬টি টেস্ট উইকেটের মধ্যে তাইজুলের ১৯০টি উইকেটই এসেছে দেশের মাটিতে— যা যেকোনো বাংলাদেশী বোলারের জন্যই সর্বোচ্চ। দেশের মাটিতে খেলা ম্যাচগুলোতে তার বোলিং গড় মাত্র ২৭.৭৩।
আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি এখন পর্যন্ত ৫ ইনিংসে ২১.৪৪ গড়ে মোট ১৮ উইকেট শিকার করেছেন।
চলতি টেস্টে বল হাতে নিয়ে এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হতে পারেন কিনা তাইজুল সেটাই এখন দেখার বিষয়।










