বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আজ আবুধাবিতে নিলামে ক্যামেরন গ্রিনের মতো মুস্তাফিজকে কেনার ক্ষেত্রেও চেন্নাই সুপার কিংসকে হারায় কলকাতা। মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
আত্মবিশ্বাসী মুস্তাফিজ আগেই ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নিজের নাম নিবন্ধন করেন। এর প্রায় পাঁচগুণ বেশি দাম পেলেন বামহাতি এ পেস তারকা।
৩০ বছর বয়সী মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। এবার তিনি নাম লেখাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সে। আইপিএলে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা পাচ্ছেন মুস্তাফিজ। আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ মূল্য এটিই। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মর্তুজাকে ৬ লাখ ডলারে কিনেছিল এই কলকাতা। বর্তমান বিনিময়মূল্যে যেটি ৫ কোটি ৪৫ লাখ রুপি।
মুস্তাফিজের মতো আইপিএলের আরেক নাম বাংলাদেশী খেলোয়াড় সাকিব আল হাসান এবার নিলামের তালিকায় জায়গা পাননি।










