লিভারপুল থেকে কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস ডিয়াজকে ৬৫.৫ মিলিয়ন পাউন্ড বা ৭৫ মিলিয়ন ইউরোয় (প্রায় ১ হাজার ৬৬ কোটি টাকা) দলভুক্ত করল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আজ বুধবার তিনি বাভারিয়ান ক্লাবে যোগ দেন।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে তৃতীয় খেলোয়াড় হিসেবে ডিয়াজকে কিনল বায়ার্ন। এর আগে বায়ার লেভারকুসেন থেকে সেন্টার-ব্যাক জোনাথন তাহ ও হফেনহেইম থেকে মিডফিল্ডার টম বিচোফকে কিনেছে বর্তমান বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।
সম্প্রতি ৯১ মিলিয়ন ইউরোয় জার্মানির এনট্র্যাখট ফ্রাংকফুর্ট থেকে হুগো একিতিকেকে কিনেছে লিভারপুল। তিনিই ডিয়াজের শূন্যস্থান পূরণ করবেন।
এর আগে ৫৮.৬ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল। ফি বাড়িয়ে পুনরায় প্রস্তাব দেয়া হলে তাতে রাজি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
দলবদল নিয়ে গুঞ্জনের কারণেই গত শনিবার হংকংয়ে এসি মিলানের বিপক্ষে ম্যাচে ডিয়াজকে স্কোয়াডে রাখেনি লিভারপুল। বায়ার্নের হয়ে মেডিকেল সম্পন্ন করতে তাকে এশিয়া থেকে ইউরোপে যাওয়ার অনুমতি দিয়েছে লিভারপুল।
চলতি দলবদলে ফরোয়ার্ড ফ্লোরিয়ান ভির্টজ ও হুগো এতিকিতেকে কিনেছে লিভারপুল। এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের আলেক্সান্ডার ইসাককে নিয়ে আগ্রহী তারা।
২০২২ সালে পোর্তো থেকে ৩৭ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে নাম লেখান ডিয়াজ। অল রেডদের হয়ে ১৪৮ ম্যাচে ৪১ গোল করেছেন তিনি। গত মৌসুমে লিগে করেছেন ১৩ গোল। ২০২৪-২৫ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতা মিলে করেছেন ক্যারিয়ারসেরা ১৭ গোল।










