সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ সকালে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানে জিতল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ১৪৭ রান তুলতে পেরেছে সফরকারী দল। এরপর মেহেদী হাসানের ঘূর্ণি বলের সামনে ১৪০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। মেহেদী ১৩ রানে নেন ৪ উইকেট। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যর্থ হয়েছে যথারীতি। তার মাঝেও ওপেনার সৌম্য সরকারের ব্যাটে লড়াকু সংগ্রহের আশা ছিল। ২ বাউন্ডারি ও ৩ ওভার বাউন্ডারিতে ৩২ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন সৌম্য।
এরপর জাকের আলীর ২৭, মেহেদী হাসানের ২৬ এবং শামীম হোসেন পাটোয়ারির ১৩ বলে ২৭ রানের ক্যামিওতে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসানের স্পিন ঘূর্ণিতে ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এর মাঝে ৪টি উইকেটই দখল করে ক্যারিবীয়দের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন এই অফস্পিনিং অলরাউন্ডার।
একদিকে উইকেটের পতন ঘটতে থাকলেও অন্যদিকে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল। ৫টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারিতে ৩৫ বলে তার ৬০ রানের ঝড়ো ইনিংসে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়েই নিচ্ছিল উইন্ডিজ। কিন্তু ২০তম ওভারে রোভম্যান পাওয়েলের পর শেষ ব্যাটার হিসেবে আলজারি জোসেফকেও তুলে নিয়ে জয় নিশ্চিত করেন হাসান মাহমুদ। আর বিজয় দিবসে দেশকে জয় উপহার দেয় টাইগার বাহিনী।
ব্যাটে-বলে দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্য দেখানো মেহেদী হাসান হয়েছেন ম্যাচ সেরা।










