টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি আন্দ্রে রাসেল ঘরের মাঠ থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন। আজ বুধবার সকালে জ্যামাইকার কিংস্টনে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৭২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৩৬ বলে ৫১ ও রাসেল বিদায়ী ইনিংসে ১৫ বলে ৩৬ রান করেন। জবাবে অস্ট্রেলিয়া ২৮ বল বাকি থাকতে দাপটে জয় তুলে নেয়। জস ইংলিস ৩৩ বলে ৭৮ ও ক্যামেরন গ্রিন ৩২ বলে ৫৬ রান করেন। এই জয়ে সিরিজে ২-০তে এগিয়ে গেল অজিরা। শনিবার সকালে সেন্ট কিটসে সিরিজের তৃতীয় মাচ। একই মাঠে রোববার চতুর্থ ও মঙ্গলবার পঞ্চম ও শেষ ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১টি টেস্ট, ৫৬টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী রাসেল। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৫৬৩টি। তিনি আইপিএল, বিপিএল, ক্যারিবিয়ান লিগ, টি-টোয়েন্টি বিশ্বকাপ—টি-টোয়েন্টিতে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন।
রাসেলকে জমকালো অনুষ্ঠানে বিদায় নিয়েছে জ্যামাইকা। মাঠে রাখা ছিল জ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল। ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জ। দুই পাশে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দল। সিঁড়ি বেয়ে নেমে এলেন আন্দ্রে রাসেল। তাকে দেয়া হলো ‘গার্ড অব অনার’।
জন্মশহর কিংস্টনের স্যাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চেয়েছিলেন রাসেল। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের চাওয়া পূরণ হয়েছে। ৩৭ বছর বয়সী তারকাকে সম্ভাব্য সেরা উপায়েই বিদায়ী সংবর্ধনা দিয়েছে জ্যামাইকার সরকার।










