বামহাতি পেসার হিসেবে মিচেল স্টার্ক টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক হওয়ার কীর্তি গড়ার দিনেই ব্যাট হাতে রাজসিক ইনিংস খেললেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। অনবদ্য বোলিংয়ে স্টার্ক নিয়েছেন ৭১ রানে ৬ উইকেট। সেই আগুণের মধ্যে দাঁড়িয়েই ২০২ বলে ১৩৫ রানের অনবদ্য এক ইনিংস খেলেছেন রুট। তার সেঞ্চুরিতে ভর করে ৯ উইকেটে ৩২৫ রান তুলে প্রথম দিন মাঠ ছাড়ে ইংল্যান্ড।
স্টার্কের খুনে বোলিংয়ের মুখে দলীয় ৫ রানের মধ্যে ২ উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। এরপর জ্যাক ক্রলেকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন রুট। ৭৬ রান করে সাজঘরে ফিরে যান ক্রলে। দমে যাননি রুট। তিনি ব্রুককে নিয়ে ৫৪, বেন স্টোকসকে নিয়ে ৩৪ ও উইল জ্যাকসকে নিয়ে ৪০ রান যোগ করে দলের সংগ্রহ তিনশ পার করান।
এ পথে রুট তুলে নেন ক্যারিয়ারের ৪০তম সেঞ্চুরি। ৫১টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে শচীন টেন্ডুলকার। ৪৫টি সেঞ্চুরি নিয়ে জ্যাক ক্যালিস দুইয়ে ও রিকি পন্টিং ৪১টি সেঞ্চুরি নিয়ে তিনে অবস্থান করছেন। এরপরেই জো রুট। টেস্ট রানে রুট রয়েছেন দ্বিতীয় স্থানে। রেকর্ড ১৫ হাজার ৯২১ রান করেছেন শচীন টেন্ডুলকার, ১৩ হাজার ৬৮৬ রান নিয়ে দুইয়ে রুট।










