সিরিজে ১-০তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গুয়াহাটিতে দ্বিতীয় ও শেষ টেস্টে আজ চতুর্থ দিন ৫০০ রানের বেশি লিড নিয়ে লাঞ্চে গেছে। প্রোটিয়ারা ৪ উইকেটে তুলেছে ২২০ রান। ৬ উইকেট হাত নিয়ে দলটির লিড ছিল ৫০৮ রানের।

এর আগে দক্ষিণ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে ভারত ২০১ রানে গুটিয়ে যায়। মার্কো ইয়ানসেন একাই নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ৭৭ রানে ৩ উইকেট হারালেও ট্রিস্টান স্টাবস ও টনি ডি জর্জির ব্যাটে ভর করে ভারতকে চাপে ফেলতে সমর্থ হয়। টনি ৪৯ রানে আউট হয়ে গেলেও ৬০ রানে অপরাজিত রয়েছেন স্টাবস। তার সঙ্গে ২৯ রানে অপরাজিত রয়েছেন উইয়ান মুলডার। এর আগে ওপেনার এইডেন মারক্রামও করেন ২৯ রান। ভারতের রবীন্দ্র জাদেজা তিনটি ও ওয়াশিংটন সুন্দর একটি উইকেট নেন।

সম্প্রতি পাকিস্তানের মাঠে ১-১-এ সিরিজ ড্র করে দক্ষিণ আফ্রিকা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবার ভারতের মাঠে ২-০তে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছে।