শ্রীলংকার গলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের প্রথম ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি না। ৪৫ রানের মধ্যে দুই ওপেনারসহ টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে সফরকারী দল। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় আর কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় বাংলাদেশ। ২৮ ওভারে দলের সংগ্রহ ৯০/৩। শান্ত ২৫ ও মুশফিক ২০ রানে অপরাজিত রয়েছেন।

শূন্য রানে সাজঘরে ফিরে যান এনামুল হক বিজয়। তাকে শিকারে পরিণত করেন পেস বোলার আসিথা ফার্নান্দো। এরপরে নামা মুমিনুল হক চড়াও হন প্রতিপক্ষের ব্যাটারদের ওপর। সাদমান ইসলামকে নিয়ে ৩৪ রান যোগ করে স্থিতি আনেন। যদিও ৮ বলের ব্যবধানে দুজনের বিদায়ে বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশ। সাদমান ৫৩ বলে ১৪ রান করে থারিন্দু রত্নায়েকের শিকার হন। ৩৩ বলে ২৯ রানের ঝড়ো ইনিংস খেলা মুমিনুলকেও থামান দুই হাতে স্পিন করতে সক্ষম রত্নায়েকে।