গ্রীষ্মের দলবদলে ১৯ কোটি পাউন্ড খরচ করে স্কোয়াড গুছিয়ে নেয়া আর্সেনাল আজ রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে।

ম্যানইউর ব্যয়বহুল আক্রমণভাগকে নখদন্তহীন করে রাখেন আর্সেনাল ডিফেন্ডাররা। আর্সেনাল অবশ্য শুরুর দিকেই গোল আদায় করে নেয়। ১৩ মিনিটে কর্ণারের বল ম্যানইউ গোলকিপারের হাত ফসকে সামনে চলে গেলে কাছ থেকে নেয়া হেডে গোল করেন আর্সেনালের ইতালিয়ান ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি। এই গোলে ভর করেই জিতেছে গানাররা।

ম্যানইউর কোচ হিসেবে প্রিমিয়ার লিগে এটা পর্তুগিজ কোচ রুবেন আমোরিমের ২৮ ম্যাচে ১৫তম হার। আবার ম্যানইউর বিপক্ষে ১২ ম্যাচে এটা আর্সেনাল কোচ হিসেবে মিকেল আরতেতার অষ্টম জয়। এছাড়া দুটি ড্র ও দুটি হার রয়েছে তার ঝুলিতে।

২০ কোটি পাউন্ড খরচ করে আক্রমণভাগের শক্তি বাড়ায় ম্যানইউর। এরপরও হার দিয়ে মৌসুম শুরু হলো রেড ডেভিলদের। রোববার আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে চেলসি।

বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি উভয়ই শুভসূচনা করেছে। লিভারপুল ৪-২ গোলে হারায় বোর্নমাউথকে, আর ম্যানসিটি ৪-০ গোলে উলভারহ্যাম্পটনকে হারায়। লন্ডনের দল টটেনহ্যাম ৩-০ গোলে হারিয়েছে বার্নলিকে। আজ আর্সেনালের শুভসূচনা হলেও জয়হীন ম্যানইউ ও চেলসি।