ম্যানচেস্টার টেস্টে প্রথম ইনিংসে ৩১১ রানের বিশাল ব্যবধানে পিছিয়ে পড়া ভারতকে টানছিলেন অধিনায়ক শুবমান গিল ও লোকেশ রাহুল। যদিও লোকেশ ৯০ রানে ও গিল ১০৩ রান করে ফিরে যান সাজঘরে। এতে হারের শঙ্কা তৈরি হয় ভারতের। আজ রোববার পঞ্চম ও শেষ দিন ৪ উইকেটে ২২৩ রান নিয়ে লাঞ্চে যায় সফরকারীরা। ৬ উইকেট হাতে নিয়ে তারা তখনো ৮৮ রানে পিছিয়ে ছিল। অবশ্য ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার বীরত্বে দিনের দুটি সেশন টিকে থেকে ম্যাচটি ড্র করতে সমর্থ হয় সফরকারীরা। তারা দুজন ৫৫.২ ওভার টিকে থেকে বোর্ডে ২০২ রান যোগ করে হতাশ করেন স্বাগতিকদের। দুজনই সেঞ্চুরি করেন। ভারত ১৪৩ ওভারে ৪ উইকেটে ৪২৪ রান তোলার পর ড্র মেনে নেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। দিনের খেলা তখন ১০ ওভার বাকি ছিল।
২ উইকেটে ১৭৪ রান নিয়ে আজ পঞ্চম দিন ব্যাটিংয়ে নামা লোকেশ ও গিল জুটিটা আর খুব বেশি বড় করতে পারেননি। ১৮৮ রানে ভেঙে যায় তাদের জুটি। লোকেশ ২৩০ বলে ৯০ রান করে ইংলিশ দলনায়ক বেন স্টোকসের বলে লেগ বিফোর হয়ে যান। ৪২১ বল মোকাবেলা করে ১৮৮ রান যোগ করেছেন লোকেশ ও গিল। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৩৪ রানের জুটি গড়ে বিদায় নেন গিলও। তিনি এ পথে ক্যারিয়ারের নবম ও চলতি সিরিজের চতুর্থ সেঞ্চুরি করেন। ২৩৮ বলে ১২ বাউন্ডারির সাহায্যে ১০৩ রান করেন ভারতীয় দলনায়ক।
ইংল্যান্ডের মাটিতে এক সিরিজে গিলের চেয়ে বেশি সেঞ্চুরি নেই আর কারো। তার সমান চারটি সেঞ্চুরি আছে কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের। ১৯৩০ সালের সিরিজে ব্র্যাডম্যান সাত ইনিংসে চার সেঞ্চুরি করেছিলেন। গিলের সামনে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে। ওভাল টেস্টে দুই ইনিংসে একটি সেঞ্চুরি করলেই তিনি টপকে যাবেন ব্র্যাডম্যানকে।
গিলের বিদায়ের পর সুন্দরের সঙ্গে ব্যাটিংয়ে যোগ যেন জাদেজা। এ দুজনের বাইরে একমাত্র ব্যাটার হিসেবে রয়েছেন ঋষভ পন্ত। ভাই ভারতের ভয় ছিল শেষ পর্যন্ত টিকে থাকা নিয়ে। যদিও জাদেজা ও ওয়াশিংটন দৃঢ়তা দেখিয়ে ভারতকে ড্র করতে সাহায্য করেন। জাদেজা ১০৭ ও ওয়াশিংটন ১০০ রানে অপরাজিত থাকেন।
এর আগে জো রুটের ১৫০ ও বেন স্টোকসের ১৪১ রানে ভর করে প্রথম ইনিংসে ৬৬৯ রান তুলে অলআউট হয় ইংল্যান্ড। তার আগে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে যায়।
পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লিডসে ইংল্যান্ডের জয়ের পর বার্মিংহাম টেস্ট জিতেছে ভারত। পরে লর্ডস টেস্টে ১৯৩ রান তাড়া করতে নেমে ১৭০ রানে অলআউট ভারত। ম্যানচেস্টার টেস্ট ড্র হলো। ওভালে ৩১ জুলাই শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সিরিজ ড্র করতে হলে ওই টেস্টটি জিততে হবে ভারতকে।










