পার্থের পর ব্রিসবেন টেস্টেও বড় জয়ের পথে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট করে মাত্র ৬৫ রানের জয়ের টার্গেট পেয়েছে অজিরা। এ টার্গেট তাড়া করতে নেমে বিনা উইকেটে ৩৩ রান তুলে জয়ের কাছাকাছি পৌঁছে গেছে স্বাগতিকরা। আর ৩২ রান করলেই তারা সিরিজে লিড নেবে ২-০তে।
৬ উইকেটে ১৩৪ রান নিয়ে আজ চতুর্থ দিন ব্যাটিংয়ে নামা ইংলিশরা ২৪১ রানে গুটিয়ে যায়। অধিনায়ক বেন স্টোকস (৫০) ও উইল জ্যাকস (৪১) প্রতিরোধ গড়লেও তা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। গতকাল দারুণ এক স্পেলে বেন ডাকেট ও ওলি পোপকে আউট করা মাইকেল নেসের আজও পরপর দুই ওভারে সাজঘরে পাঠান স্টোকস ও জ্যাকসকে।
গাস অ্যাটকিসন বেশি সময় টিকতে পারেননি, তিনি শিকার হন ব্রেন্ডন ডগেটের। এরপর ব্রাইডন কার্সকে শিকার করে ৫ উইকেট পূর্ণ করেন নেসের, গুটিয়ে যায় ইংল্যান্ডও। ৩ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ৫ উইকেট নিলেন ৩৫ বছর বয়সী বোলার।










