দুবাইয়ে চলমান ১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্ব শেষে এবার সেমিফাইনালের লড়াই। শুক্রবার দুটি সেমিফাইনাল। বাংলাদেশ লড়বে পাকিস্তানের বিপক্ষে, ভারতের প্রতিপক্ষ শ্রীলংকা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

গ্রুপ পর্বের খেলায় বুধবার শ্রীলংকাকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ জয়ে তারা ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও যুব এশিয়া কাপের পরাশক্তি ভারতকে এড়াতে সমর্থ হয়, সামনে পায় পাকিস্তানকে। অন্যদিকে, ভারতের সামনে পড়ে লংকানরা। ভারত যুব এশিয়া কাপে রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন। এছাড়া বাংলাদেশ দুবার ও শ্রীলংকা একবার শিরোপা জিতেছে।

বাংলাদেশ এ আসরের বর্তমান চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে আজিজুল হাকিমের দল। আফগানিস্তানকে ৩ উইকেটে, নেপালকে ৭ উইকেটে ও সর্বশেষ শ্রীলংকাকে ৩৯ রানে হারায় লাল-সবুজরা। তাদের ২২৫ রানের জবাবে লংকানরা ১৮৬ রানে গুটিয়ে যায়।

পাকিস্তানকে হারানোর চ্যালেঞ্জ আজিজুলদের সামনে। জিতলেই রোববারের ফাইনালের টিকিট নিশ্চিত করবে যুবারা।