ব্রিসবেনে ডে-নাইট টেস্টে ইংল্যান্ডের ৩৩৪ রানের জবাবে আজ তৃতীয় দিন ৫১১ রান তুলে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। যদিও কোনো সেঞ্চুরি ছাড়াই পাঁচশোর্ধ্ব রান তুলেছে স্বাগতিকরা।

৬ উইকেটে ৩৭৮ রান নিয়ে আজ শনিবার তৃতীয় দিন ব্যাট করতে নামা অজিরা পাঁচশ রান তুলতে পেরেছে মূলত মিচেল স্টার্কের ব্যাটে ভর করে। বল হাতে ৬ উইকেট নেয়ার পর ব্যাট হাতেও তিনি নায়ক এবং করেছেন দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান। ১৪১ বল মোকাবেলায় ১৩ বাউন্ডারিতে এ রান করেন বামহাতি ব্যাটার স্টার্ক। এর আগে ৬৩ রান করেন অ্যালেক্স ক্যারি। ৪১৬ রানে ক্যারির বিদায়ের পর নবম উইকেটে স্কট বোল্যান্ডকে নিয়ে ১৬৫ বলে ৭৫ রান যোগ করেন স্টার্ক। এর মধ্যে তার একার অবদান ৫৮ রান, ১৫ রান করেন বোল্যান্ড।

দলীয় ৪৯১ রানের সময় ব্রাইডন কার্সের শিকার হন স্টার্ক। শেষ উইকেটে ব্রেন্ডন ডগেটকে নিয়ে ২০ রান যোগ করেন বোল্যান্ড।

এর আগে ৯ উইকেটে ৩২৫ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অলআউট হয়ে যায় ৩৩৪ রানে। ১৩৮ রানে অপরাজিত থাকেন জো রুট। ৭৫ রানে ৬ উইকেট নেন মিচেল স্টার্ক।

পার্থে প্রথম টেস্টে ৮ উইকেটের জয় তুলে নিয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজে ১-০তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।