ভারত ও ইংল্যান্ডকে আলাদা করাই যেন কঠিন হয়ে উঠছে। লিডসে ইংল্যান্ড বড় রান চেজ করে জিতে গেল। তো এজবাস্টনে পরের টেস্টেই দাপটে জিতে সমতা আনল ভারত। এবার লর্ডসে সিরিজের তৃতীয় টেস্ট আরো জমজমাট। এবার তো দুই দল প্রথম ইনিংসে করল সমান রান! ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করা ভারত শনিবার তৃতীয় দিন খেলা শেষ হওয়ার এক ওভার আগ পর্যন্ত ব্যাট করে তুলল ইংল্যান্ডের সমান ৩৮৭ রান!

টেস্ট ক্রিকেট ১৯১০ সালে প্রথমবার এমন ঘটনা দেখেছে। ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের সমান ১৯৯ রান করেছিল ইংল্যান্ড। এরপর এমন ঘটনা ঘটেছে আরো সাতবার। লিডসে ২০১৫ সালে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সমান ৩৫০ রান করেছিল ইংল্যান্ড। ১০ বছর পর একই ঘটনা ঘটল লর্ডসে।

তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২ রান তুলেছে ইংল্যান্ড। তাদের মাত্র ২ রানেরই লিড।

এর আগে ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করা ভারত ১১৯.২ ওভারে ৩৮৭ রান তুলে গুটিয়ে যায়। লোকেশ রাহুল ১৭৭ বলে ১০০, ঋষভ পন্ত ১১২ বলে ৭৪, রবীন্দ্র জাদেজা ১৩১ বলে ৭২ রান করেন। ক্রিস ওকস তিনটি এবং বেন স্টোকস ও জোফরা আর্চার দুটি করে উইকেট নেন।