উড়িষ্যার কটকে আজ মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭৮ রানে ৪ উইকেট হারিয়ে বসে ভারত। তখন ম্যাচে দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণ ছিল। এরপর হার্দিক পান্ডিয়ার বীরত্বে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। ২৮ বলে ৫৯ রান করেন তিনি। শেষ পর্যন্ত এই রানকে পুঁজি করেই ১০১ রানের জয় তুলে নেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ম্যাচে ১৭৬ রান তাড়া করতে নেমে শুরুতেই কুইন্টন ডি কককে হারায় প্রোটিয়ারা। সেই ধাক্কা আর সামলে ওঠা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২.৩ ওভারে ৭৪ রানে শেষ অতিথি দলটি। অর্শদীপ সিং, জশপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল প্রত্যেকেই দুটি করে উইকেট নেন।
বৃহস্পতিবার নিউ চন্ডিগড়ে সিরিজের দ্বিতীয় ম্যাচ।










