ত্রিনিদাদে রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে ওয়ানডে র্যাংকিংয়ে ১০ থেকে নয় নম্বরে উঠে এসেছে ক্যারিবীয়রা। তাতে ক্ষতিটা হয়েছে বাংলাদেশের। বাংলাদেশ নয় থেকে নেমে গেছে ১০-এ।
রোববার ওই ম্যাচের পরই ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করে আইসিসি। তাতে দেখা যায়, এক ধাপ অবনমিত হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের জায়গা দখল করেছে ওয়েস্ট ইন্ডিজ। একধাপ অবনমন হয়েছে পাকিস্তানেরও। তারা চার থেকে নেমে পাঁচে অবস্থান করছে।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে ভারত। এরপরে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড। আর বাংলাদেশের নিচে রয়েছে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ওমান, নেপাল, কানাডা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি র্যাংকিংয়েও বাংলাদেশ ১০ নম্বরে অবস্থান করছে। আর টেস্ট র্যাংকিংয়ে তারা নয় নম্বরে।
বৃষ্টিবিঘ্নিত ৩৭ ওভারের ম্যাচে পাকিস্তান ৭ উইকেটে ১৭১ রান তুলতে সমর্থ হয়। জেইডেন সিলস ২৩ রানে নেন ৩ উইকেট। ক্যারিবীয়রা ডাকওয়ার্থ-লুইস মেথডে ১০ বল হাতে রেখে ৫ উইকেটের জয় নিশ্চিত করে। রোস্টন চেজ ৪৭ বলে ৪৯, শেরফান রাদারফোর্ড ৩৩ বলে ৪৫ ও শাই হোপ ৩৫ বলে ৩২ রান করেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় ত্রিনিদাদে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।










