ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। সদ্যই ম্যানচেস্টার টেস্ট ড্র হয়েছে। এ অবস্থায় বৃহস্পতিবার শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। এ টেস্টটি ড্র হলেই সিরিজ জিতে নিবে ইংলিশরা। হারলেও সিরিজের ট্রফি ভাগাভাগি হবে। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে চোটে পড়লেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ফলে তার খেলা হবে না। স্টোকসসহ ইংল্যান্ডের একাদশে মোট চারজন নেই শেষ টেস্টে।
পেস বোলার জোফরা আর্চার ও ব্রাইডন কার্সকে বিশ্রাম দেয়া হয়েছে, লিয়াম ডসন ছিটকে পড়েছেন। সব মিলে আগের টেস্টের চারজনই নেই। তাদের জায়গা নেবেন জ্যাকব বেথেল, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জস টাং একাদশে ঢুকেছেন। আর তারুণ্যনির্ভর এ দলকে নেতৃত্ব দেবেন ব্যাটার ওলি পোপ।
অনেকটা অনভিজ্ঞ পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেবেন ক্রিস ওকস। আর স্পিন করবেন শুধু জ্যাকব বেথেল ও জো রুট।
ম্যানচেস্টার টেস্টে ১১ ওভার বোলিং করেন স্টোকস। বোলিংয়ের সময়ই তিনি বাইসেপের ইনজুরিতে পড়েন। রোববার সন্ধ্যা স্টোকস বলছিলেন, মনে হয় না তিনি ওভাল টেস্ট খেলতে পারবেন না। যদিও পরে জানা গেল, বাইসেপের পেশি ছিঁড়ে যাওয়ায় (গ্রেড-থ্রি টাইপ) তার খেলা হবে না।
স্টোকসের না খেলা ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা। কারণ, তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। ১৭ উইকেট নেয়ার পাশাপাশি ম্যানচেস্টারে করেছেন সেঞ্চুরি, যা দুই বছরের মধ্যে তার প্রথম। গত দুই টেস্টে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়েছেন। এ সময় চোটে পড়া তার ও দলের জন্য হতাশার। তাছাড়া গত বছর দুবার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। অ্যাশেজের আগে অধিনায়কের চোটে পড়া ইংল্যান্ড ম্যানজেমেন্টকে চিন্তায় ফেলবে।










