ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডটা বাংলাদেশের সাকিব আল হাসানের। ২০১৩ সালের আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। সাকিবের সেই অবিশ্বাস্য পারফরম্যান্স ভুলে যায়নি সিপিএল। দুই মৌসুম বিরতি দিয়ে আবারও তাকে দেখা যাবে এ টি-টোয়েন্টি লিগটিতে। আগামী মৌসুমে তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে।
আজ সিপিএলের এক এক্স হ্যান্ডেলে জানানো হয়, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে খেলবেন বাংলাদেশের তারকা। যদিও তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে। অবসর না নিলেও রাজনৈতিক কারণে তিনি জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না। তবে বিদেশের বিভিন্ন লিগে খেলছেন। সম্প্রতি লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শিরোপা জিতেছেন।
সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টস ছাড়াও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন ৩৮ বছর বয়সী সাকিব। এবার তিনি খেলবেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসে। অর্থ্যাৎ, সিপিএলে এটা হবে তার চতুর্থ দল। এ লিগে ৩৬ ম্যাচ খেলে তার শিকার ৩৭ উইকেট।
আগামী ১৫ আগস্ট শুরু হবে সিপিএল-২০২৫ আসর। প্রথম দিনই সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সঙ্গে ম্যাচ রয়েছে সাকিবের দলের। ২২ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে আসরটি শেষ হবে।










