শ্রীলংকাকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার পর আজ রোববার দ্বিতীয় ম্যাচে নেপালের সঙ্গে লড়াই করে ৩-২ গোলের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে চার দলের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে আফঈদা খন্দকারের দল।
সিনহা জাহান শিখা ও মোসাম্মৎ সাগরিকার গোলে প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। সাগরিকা আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক। যদিও আজ দ্বিতীয়ার্ধে ম্যাচ জমিয়ে দেয় নেপালি মেয়েরা। তারা ৭৮ ও ৮৭ মিনিটে দুই গোল করে ম্যাচে সমতা নিয়ে আসে। বাংলাদেশ যখন চরম উৎকন্ঠায় তখন যোগ করা সময়ের সপ্তম মিনিটে তৃষ্ণা রানীর গোলে স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। এতে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।
২ ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান সংহত করেছে বাংলাদেশ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে নেপাল।
আজ দিনের প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে হারানো ভুটান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছেন। দুই ম্যাচে ১৪ গোল হজম করা শ্রীলংকা টেবিলের একেবারে তলানিতে রয়েছে।
চার দলের এই আসরে দলগুলো একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে তারাই চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা জিতে নেবে।
বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপে আগের ছয় আসরের মধ্যে বাংলাদেশ চারবার শিরোপা জিতেছে।










