ফিফা ক্লাব বিশ্বকাপে এর আগে ৬ কনফেডারেশন থেকে খেলে এসেছে ৭টি করে দল। এবারই দল বাড়িয়ে এক লাফে ৩২টি করেছে ফিফা। ইতিহাসের সর্ববৃহৎ এই ক্লাব বিশ্বকাপ আসরের পর্দা নামছে আজ। বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ইংল্যান্ডের চেলসি।

সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকেকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে বর্তমান ইউরোপসেরা দল পিএসজি। আরেক সেমিতে চেলসি ২-০ গোলে হারায় ব্রাজিলের ফ্লুমিনেন্সকে। আজ অল-ইউরোপীয় ফাইনালে লড়বে লুই এনরিকের পিএসজি ও এঞ্জো মারেস্কার চেলসি। ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপে ফাইনালের আগ পর্যন্ত মোট ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এবারের আসর নিয়ে অনেক বিতর্ক আর সমালোচনার মুখে পড়ে ফিফা। সমালোচকরা একে ‘ইনফ্যান্তিনো ভ্যানিটি প্রজেক্ট’ বলতেও ছাড়েননি। লিভারপুলের সাবেক জার্মান কোচ ইয়ুর্গেন ক্লোপ একে ‘ফুটবলের সবচেয়ে বাজে ধারণা বাস্তবায়ন’ বলেছেন। যদিও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো ফাইনালের আগ মুহূর্তে প্রত্যয়ের সঙ্গেই বললেন, ‘আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে, ফিফা ক্লাব বিশ্বকাপ অনেক অনেক অনেক সফল একটি আসর।’

সম্প্রচার প্রতিষ্ঠান ডিএজেডএন এর সাংবাদিক মাইকেল ব্রাউন এবারের ফিফা ক্লাব বিশ্বকাপকে সফল হিসেবেই দেখছেন। বিবিসিকে তিনি বলেন, ‘এটা অনেক বড় সাফল্য। আমি তো সর্বত্রই গিয়েছি, এটা ছিল অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট, যা নিয়ে কাজ করতে গিয়ে মুগ্ধ হয়েছি।’

AP25190692052028

পিএসজি ও রিয়ালের ম্যাচে পরিপূর্ণ মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারি। ছবি: এপি

এবার আলোচনায় ছিল দর্শক। কিছু ম্যাচে দশ হাজারেরও কম দর্শক হয়। যেমন, দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউন ও কোরিয়ার উলসান এইচডির ম্যাচে দর্শক হয় মাত্র ৩ হাজার ৪১২ জন। আবার ১৫টিরও বেশি ম্যাচে ৬০ হাজারেরও বেশি দর্শক হয়। পাসাদেনায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পিএসজির ৪-০ গোলের জয় দেখেছেন ৮০ হাজারেরও বেশি দর্শক। রিয়াল মাদ্রিদ ও পিএসজি ছিল এমন ম্যাচগুলোতে সব টিকিট বিক্রি হয়ে যায়।