গল টেস্টে ৪ উইকেটে ২৩৭ রান তুলে লাঞ্চের বিরতিতে গেছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে একটু আগেভাগেই লাঞ্চের বিরতি দেয়া যায় এবং সেটি দীর্ঘ হয়। বাংলাদেশের লিড এখন ২৪৭ রানের। নাজমুল হোসেন শান্ত ৮৯ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির আশা জাগিয়েছেন তিনি।
৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ শনিবার পঞ্চম দিন ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ১৯ ওভার ব্যাট করে ৬০ রান তোলার পর মুশফিকুর রহিমকে হারায়, যিনি প্রথম ইনিংসে করেছিলেন ১৬৩ রান। ৭৬তম ওভারে মুশফিক রানআউট হওয়ার পরপরই বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।
লাঞ্চের পর আবার খেলা শুরু হবে। কোনো ওভার কাটা হবে না। শ্রীলংকার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত খেলা হবে।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে শ্রীলংকা ৪৮৫ রানে অলআউট হয়েছে। ১০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।










