আবারও শিরোনামে নেইমার। ৩৩ বছর বয়সী সুপারস্টার ব্রাজিলের শীর্ষ লিগে জুভেন্তেদুর বিপক্ষে জোড়া গোল করে শৈশবের ক্লাব স্যান্টোসকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জোড়া গোল করলেন তিনি। সর্বশেষ বলিভিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল, ব্রাজিল জিতেছিল ৫-১ গোলের ব্যবধানে। এবার জোড়া গোল করে ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোন থেকে বের করে আনলেন স্যান্টোসকে। দলটি এখন টেবিলের ১৫তম স্থানে।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোরে ৩৭ মিনিটে নেইমারের গোলে লিড নেয় স্যান্টোস। গোলকিপারের সেভ করা বল কাছে পেয়ে ফিরতি শটে গোল করেন নেইমার। আলভারো বারেয়াল এর তিন মিনিট পর ব্যবধান ২-০ করেন। উইলকার অ্যাঞ্জেল প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান কমান (২-১)। ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্যান্টোসের জয় নিশ্চিত করেন নেইমার। জোড়া গোলে স্যান্টোসকে জিতিয়ে আগামী বছরের বিশ্বকাপে খেলার আশা জাগালেন নেইমার।

সৌদি লিগের ক্লাব আল হিলাল থেকে ফেরার পর স্যান্টোস সমর্থকরা আশা করছিলেন, নিজে স্বরূপে ফেরার পাশাপাশি দলটিকেও ভালো অবস্থানে নিয়ে যাবেন নেইমার। যদিও ধারাবাহিক চোট তার স্বপ্নপূরণে বাধার সৃষ্টি করেছে। অবশেষে তিনি চোটমুক্ত থেকে খেলতে পারছেন এবং ২০২২ সালের পর প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। এবার করলেন জোড়া গোল, যা কিনা ২০২২ সালের পর ক্লাব পর্যায়ে তার প্রথম জোড়া গোল। সিরি-এ লিগে নয় ম্যাচে তিন গোল করেছেন নেইমার।

ফিট থেকে পুরো ম্যাচ শেষ করা এবং জোড়া গোল করে আত্মবিশ্বাসী হয়ে ওঠা নেইমারের চোখ এবার জাতীয় দলে, আর পাখির চোখ করে রেখেছেন ২০২৬ সালের বিশ্বকাপকে। যদিও প্রথম লক্ষ্য সেপ্টেম্বরের বাছাইপর্ব। বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ সেপ্টেম্বর এল আলতোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’

Gxi-qC3XIAAMFs5

২০২৩ সালের পর ব্রাজিল দলের হয়ে আর খেলেননি ৩৩ বছর বয়সী নেইমার। সর্বশেষ খেলেছেন উরুগুয়ের হয়ে।

ব্রাজিলের কোচের দায়িত্বে এখন কার্লো অ্যানচেলত্তি। ১০ দলের বাছাইপর্বে ব্রাজিল এখন তিনে। ১৬ রাউন্ড শেষে তাদের ঝুলিতে ২৪ পয়েন্ট। সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের পয়েন্ট ৩৫। এরপরেই একুয়েডর (২৫), ব্রাজিল (২৫), উরুগুয়ে (২৪), প্যারাগুয়ে (২৪) ও কলম্বিয়া (২২)।

লাতিন অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট। সপ্তম দলটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলে বিশ্বকাপে ওঠার সুযোগ পাবে।