লিডস টেস্টে আজ সোমবার চতুর্থ দিন লোকেশ রাহুল ও ঋষভ পন্তের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ডকে ৩৭১ রানের টার্গেট দিয়েছে ভারত। জবাবে স্বাগতিকরা ৬ ওভারে বিনা উইকেটে ২১ রান তোলার পর চতুর্থ দিনের খেলা শেষ হয়ে যায়। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিন জিততে ইংল্যান্ডকে করতে হবে ৩৫০ রান, ভারতকে নিতে হবে ১০ উইকেট।
আজ ২ উইকেটে ৯০ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করা ভারত ওভারপ্রতি চারের বেশি রান তুলেছে। লোকেশ ও ঋষভ ২৮৩ বল খেলে ১৯৫ রান যোগ করেন। এর মধ্যে ঋষভ একাই করেন ১৪০ বলে ১১৮ রান। ১৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১১৮ রান করে তিনি শোয়েব বশিরের শিকার হন। লোকেশ ২৪৭ বলে ১৮ বাউন্ডারিতে ১৩৭ রান করে ব্রাইডন কার্সের শিকার হন।
৪ উইকেটে ৩৩৩ রান থেকে অবিশ্বাস্য পতনে ৩৬৪ রানে গুটিয়ে যায় ভারত! অর্থ্যাৎ, ৩১ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় অতিথিরা। জস টাং ও ব্রাইডন কার্স তিনটি করে ও শোয়েব বশির দুটি উইকেট নেন।
লোকেশ তুলে নেন নিজের নবম টেস্ট সেঞ্চুরি। এর মধ্যে আটটিই দেশের বাইরে। ইংল্যান্ডে তিনটি, দক্ষিণ আফ্রিকায় দুটি এবং অস্ট্রেলিয়া, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজে একটি করে সেঞ্চুরি তার।
পন্ত প্রথম ইনিংসে ১৩৪ রান করার পর দ্বিতীয় ইনিংসে করলেন ১১৮ রান। ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এক ম্যাচে দুই সেঞ্চুরি করা কিপার-ব্যাটার এতদিন ছিলেন কেবল অ্যান্ডি ফ্লাওয়ার। এখন অভিজাত ক্লাবটিতে দ্বিতীয় সদস্য হিসেবে যোগ দিলেন ২৭ বছর বয়সী ভারতীয়।
টেস্টে এটা পন্তের অষ্টম সেঞ্চুরি। আট সেঞ্চুরির ছয়টিই দেশের বাইরে। এর মধ্যে ইংল্যান্ডের মাঠেই করেছেন চারটি!










