আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়মানুযায়ী, টুর্নামেন্ট শুরুর আগে প্রতিটি দলের অধিনায়করা ট্রফির সঙ্গে ফটোসেশন করেন এবং সংবাদ সম্মেলনে অংশ নেন। সাধারণত আয়োজক দেশেই এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির ক্ষেত্রে সেই প্রচলন থাকছে না। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কের উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকায় এ অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একই কারণে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানে যাচ্ছেন না, এমন খবর আগেই জানিয়েছিল টাইমস অব ইন্ডিয়া। অন্যদিকে, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করে ফেলেছে, যা পিসিবির পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে, অথচ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচই অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি।
ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে রয়েছে এবং তাদের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। এরপর দলকে সাত দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি। অন্যদিকে, অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারা পাকিস্তানে পৌঁছানোর পর কোনো প্রস্তুতি ম্যাচও খেলবে না, সরাসরি মূল প্রতিযোগিতায় অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হওয়ার বিষয়েও একই সমস্যা দেখা দিয়েছে। জিও সুপার-এর প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইসিসি কর্মকর্তার বরাতে বলা হয়েছে, পিসিবি ও আইসিসি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাইলেও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেরিতে আসার কারণে সেটি সম্ভব হচ্ছে না। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা দেয়নি পিসিবি। তবে উৎসবের আমেজ পুরোপুরি হারাতে চায় না পাকিস্তান। জিও সুপার জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচের আগে বিশেষ এক আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।










