সুইজারল্যান্ডের বাসেল শহরের সেন্ট-জ্যাকব পার্কে আজ ১৪তম ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া এ ম্যাচ শেষে কারা হাসবে শেষ হাসি? ইংল্যান্ড কি জিতে নেবে দ্বিতীয় মুকুট, নাকি প্রথমবার শিরোপা জিতবে স্পেনের মেয়েরা?
সেমিফাইনালে নারী ফুটবলের পরাশক্তি জার্মানিকে হারিয়েছে স্পেন, আর ইংল্যান্ড হারিয়েছে ইতালিকে। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে স্পেন ও ইংল্যান্ড।
১৯৮৪ সালের প্রথম আসর ও ২০০৯ সালের দশম আসরের রানার্সআপ ইংল্যান্ড অবশেষে ২০২২ সালে শিরোপার নাগাল পায়। ওয়েম্বলি ফাইনালে জার্মানিকে হারিয়ে দেয় সারিনা উইগম্যানের দল। তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান মুকুটের হাতছানি লিয়া উইলিয়ামসন, চোল কেলিদের সামনে।
ইংল্যান্ডের স্বপ্নপূরণে বড় বাঁধা স্পেন। ২০২৩ সালে সিডনি ফাইনালে ইংল্যান্ড কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেলাসরা এবারও ফেভারিট হিসেবে খেলতে নামছেন। ইউরো চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে উঠেছে ‘লা রোজা’রা। প্রথম ফাইনালে শিরোপা জিতে কি স্মরণীয় করে রাখতে পারবেন বোনমাতিরা?










