লিডস টেস্টে প্রথম ইনিংসে ৪৭১ রানের সৌধ গড়েছে ভারত। শনিবার দ্বিতীয় দিন লাঞ্চের পরপর অলআউট হয়ে যায় শুবমান গিলের দল। এরপর দ্বিতীয় দিন শেষ পর্যন্ত ব্যাট করে ৩ উইকেটে ২০৯ রান তুলে নেয় ইংল্যান্ড। সেখান থেকে আজ লাঞ্চ পর্যন্ত ২৮ ওভার ব্যাট করে আরো ২ উইকেট হারিয়ে বোর্ডে ১১৮ রান যোগ করেছে ইংলিশরা। সব মিলে, তাদের সংগ্রহ এখন ৫ উইকেটে ৩২৭ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৪৪ রানে পিছিয়ে বেন স্টোকসের দল।
আগের দিন ১০০ রান নিয়ে মাঠ ছাড়া ওলি পোপ আজ নামের পাশে আরো ৬ রান যোগ করে আউট হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণর বলে। ১৩৭ বলে ১৪ বাউন্ডারিতে তিনি ১০৬ রান করেন। এর আগে বেন ডাকেট ৬২ রান করেন। হ্যারি ব্রুক ৫২ ও জেমি স্মিথ ২৩ রানে অপরাজিত রয়েছেন। ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহ ম্যাচের দ্বিতীয় দিন তিনটি উইকেট নেন। আজ কৃষ্ণ ও মোহাম্মদ সিরাজ একটি করে উইকেট পান।
এর আগে শুবমান গিল ২২৭ বলে ১৪৭, ঋষভ পন্ত ১৭৮ বলে ১৩৪ ও জশস্বী জয়সোয়াল ১৫৯ বলে ১০১ রান করে ভারতকে বড় সংগ্রহ এনে দেন। অবশ্য বাকিদের ব্যর্থতায় স্কোরটা পাঁচশ ছাড়ায়নি। শেষ ছয় ব্যাটারের পাঁচজনই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ইংল্যান্ডের বেন স্টোকস ও জস টাং ৪টি করে উইকেট নেন।
বিরাট কোহলির অবসরের পর এই প্রথম টেস্ট খেলছে ভারত। চলতি বছরই এটা তাদের মাত্র দ্বিতীয় টেস্ট। সর্বশেষ জানুয়ারিতে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। কোহলির মতো ওই সিরিজটা ছিল রোহিত শর্মারও শেষ সিরিজ।
এ সফরে পাঁচটি টেস্ট খেলবে ভারত। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তাদের।










