গত শুক্রবার শুরু হয়েছে ইউরোপের অন্যতম জনপ্রিয় ঘরোয়া ফুটবল লিগ স্প্যানিশ লা লিগা। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো এরই মধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে। বার্সেলোনা বড় জয়ে শুরু করলেও হেরেছে অ্যাটলেটিকো। আজ চতুর্থ দিন এসে নিজেদের প্রথম ম্যাচে নামছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠ এস্তাদিও স্যান্টিয়াগো বার্নাবেউতে তারা মুখোমুখি হবে ওসাসুনার।
শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামছে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ। এটা রিয়াল মাদ্রিদ ও আলোনসোর নতুন সূচনা। কার্লো অ্যানচেলত্তি বিদায় নেয়ার পর রিয়ালের নতুন কোচ হিসেবে যোগ দিয়েছেন দলটির সাবেক খেলোয়াড় জাভি আলোনসো। বায়ার লেভারকুসেনকে প্রথম বুন্দেসলিগা শিরোপা জিতিয়ে ইতিহাস গড়া এ কোচের কাঁধেই গুরুভার অর্পণ করেছে লস ব্লাঙ্কোসরা। তার অধীনে মাদ্রিদ জায়ান্টদের লিগ শুরু আজ।
যদিও ফিফা ক্লাব বিশ্বকাপে হতাশ করে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে বর্তমান ইউরোপসেরা দল প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে দলটি। তার ঠিক ৪১ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরছে মাদ্রিদ জায়ান্টরা। এখন দেখার বিষয়, লিগ দিয়ে স্বরূপে ফিরতে পারে কিনা রেকর্ড ১৫ বারের ইউরোপসেরা দলটি।
তারকাখচিত রিয়ালের ওপর শিরোপা জয়ের বাড়তি চাপ সব সময়ই থাকে। গত মৌসুমে তারা লিগ ও ইউরোপে ব্যর্থ হয়েছে বলে এবার আরো চাপ থাকবে। সেই সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বী বার্সা প্রথম ম্যাচটা জিতে নিয়েছে বলে রিয়ালও শুভসূচনার জন্য মরিয়া হয়ে খেলবে। কারণ, বার্সার ওপর চাপটা শুরু থেকেই তৈরি করতে চাইবেন আলোনসো।
ওসাসুনাও চাইবে বার্নাবেউতে রিয়ালের উৎসব মাটি করতে। যদিও এ মাঠে ২০১১ সালের পর হারেনি রিয়াল মাদ্রিদ।










