ডারউইন নুনেজকে ৫ কোটি ৫৩ লাখ ইউরো বা প্রায় ৭৫৬ কোটি টাকায় সৌদি আরবের ক্লাব আল হিলালের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল।

সৌদি প্রো লিগের দলটিতে নাম লেখানোর আগে এখন স্বাস্থ্য পরীক্ষা দেবেন ২৬ বছর বয়সী উরুগুইয়ান স্ট্রাইকার। নেইমারের জায়গায় নুনেজকে নিচ্ছে আল হিলাল।

২০২৩ সালে পিএসজি থেকে ৯ কোটি ইউরোয় দলভুক্ত করেছিল আল হিলাল। যদিও তাদের এ ‘মেগা প্রকল্প’ ব্যর্থতায় শেষ হয়। বছরে নেইমারকে দেয়ার কথা ছিল ১৫ কোটি ইউরো, যা পিএসজিতে তার বেতনের ছয়গুণ! যদিও দুই মৌসুম চোটের সঙ্গে ভুগে তিনি অবশেষে শৈশবের ক্লাব স্যান্টোসে ফিরে গেছেন। আল হিলালে মাত্র তিন ম্যাচ খেলে গোলশূন্য ছিলেন তিনি।

২০২২ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করে নুনেজকে কিনেছিল অল রেডরা। সেই থেকে ১৪৩ ম্যাচে ৪০ গোল করেছেন তিনি। গত মৌসুমে আর্নে স্লট কোচ হয়ে আসার পর একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে তার। শিরোপাজয়ী মৌসুমে মাত্র আট ম্যাচে ছিলেন শুরুর একাদশে। এবার তাকে বিদায়ই নিতে হচ্ছে।

নুনেজকে বিক্রি করে নিউক্যাসলের আলেক্সান্ডার ইসাককে কেনার তহবিল জোগাড় করছে লিভারপুলকে। এরই মধ্যে লিভারপুলের ১১ কোটি পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যাগপাইরা। সুইডিশ স্ট্রাইকারের জন্য নিউক্যাসল চায় ১৫ কোটি পাউন্ড।