দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৯০ রানে হারিয়েছে আটবারের চ্যাম্পিয়ন ভারত। টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত ৪৬.১ ওভারে ২৪০ রান তুলে অলআউট হয়ে যায়। পরে ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট পাকিস্তান।

এর আগে পাকিস্তানের বোলারদের বড় সাফল্য ভারতের ১৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীকে দ্রুত আউট করতে পারা। আগের ম্যাচে ১৭১ রানের বিস্ফোরক ইনিংস খেলা বৈভব আজ আউট হয়ে যান মাত্র ৬ রানে। এরপর অ্যারন জর্জ (৮৮ বলে ৮৫), অধিনায়ক আয়ুশ মাহাত্রে (৩৮), কণিক্ষ চৌহান (২৪*) ও অভিজ্ঞান কুন্ডুর (২২) ব্যাটে ভর করে লড়াই করার পুঁজি পায় ভারত।

এটা ভারতের দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে, আর পাকিস্তান হারায় মালয়েশিয়াকে।

আট দলের এ আসরে দুই গ্রুপ থেকে চার দল উঠবে সেমিফাইনালে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত এবং ‘বি’ গ্রুপে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলংকা ও নেপাল প্রতিদ্বন্দ্বিতা করছে।

যুব এশিয়া কাপে ভারত আটবার, বাংলাদেশ দুবার ও আফগানিস্তান একবার শিরোপা জিতেছে।