বিগব্যাশ টি-টোয়েন্টি লিগে আজ বৃহস্পতিবার মেলবোর্ন স্টারসের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৮ রান তুলতে সমর্থ হয় হোবার্ট। এ রান তাড়া করতে নেমে মেলবোর্ন স্টারস ২টি উইকেট হারিয়ে জিতেছে বড় ব্যবধানে। মেলবোর্নের দুটি উইকেটই শিকার করেন রিশাদ। যদিও দলের হার আটকাতে পারেননি।

রিশাদ ব্যাট হাতে করেছেন ৩ বলে ৫ রান। এরপর বল হাতে সফল তিনি। পাওয়ার প্লের ৪ ওভারে ৩৩ রান তুলে নেয়া মেলবোর্নকে প্রথম ধাক্কাটা দেন বাংলাদেশ জাতীয় দলের স্পিনার। দলীয় ৪৬ রানে টমাস রজার্স ও ৫৮ রানে জো ক্লার্ককে ফেরান তিনি। লং অফে নিখিল চৌধুরীকে ক্যাচ দেন রজার্স ও শর্ট ফাইন লেগে মেরেডিথকে ক্যাচ দেন ক্লার্ক। এরপর ক্যাম্পবেল কেল্লাওয়ে ও মার্কাস স্টয়নিসের রাজসিক এক জুটিতে জয় তুলে নেয় মেলবোর্ন। ৫১ বলে ১০১ রান যোগ করে অবিচ্ছিন্ন থাকেন তারা। ৩১ বলে ৬২ রান করেন স্টয়নিস, আর ক্যাম্পবেল করেন ২৭ বলে ৪১ রান।

শুরুতে উইকেট পেলেও শেষ দিকে মার খেয়েছেন রিশাদ। ৩ ওভারে ৩৩ রান খরচ করে তিনি ২টি উইকেট নিয়েছেন।