ঢাকায় বৃহস্পতিবার শুরু হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বহুল প্রতীক্ষিত দুদিনব্যাপী বার্ষিক সাধারণ সভা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভায় যোগ দেবে কি না, এ নিয়ে গত কয়েক দিন ধরে ছিল তুমুল আলোচনা-বিতর্ক। অবশেষে আজ বুধবার জানা গেছে, সভায় বিসিসিআইয়ের একজন প্রতিনিধি অনলাইনে যোগ দেবেন।
ভারতের বেশ কয়েকজন শীর্ষ ক্রীড়া সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসি সভায় যোগ দেবেন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রাজীব শুক্লা ভার্চুয়ালি সভায় যোগ দিচ্ছেন।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে শুরু হচ্ছে এসিসির সভা। তবে ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই তা অন্য কোথাও স্থানান্তর করতে বলেছিল। ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, ভারতের পাশাপাশি শ্রীলংকা, আফগানিস্তান ও ওমান ক্রিকেট বোর্ডও ঢাকায় এসিসির সভায় যোগ দেবে না। তবে আফগানিস্তান ও ওমান সভায় যোগদান নিশ্চিত করেছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শ্রীলংকা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় অনলাইনে যোগ দেবেন। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী ও শক্তিধর ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের প্রতিনিধিও শেষ পর্যন্ত সভায় অংশ নিচ্ছেন।
এ বছর আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে তা পিছিয়ে আগামী বছর নিয়েছে বিসিসিআই। একই কারণে তারা চেয়েছিল, এসিসির সভাটি যে দুবাই কিংবা কলম্বোয় হয়। যদিও শেষ পর্যন্ত তারা ঢাকার সভায় ভার্চুয়ালি অংশ নিচ্ছে। তাতে হয়তো এশিয়া কাপ আয়োজনের অনিশ্চয়তাও কাটবে। এসিসি ও পিসিবির বর্তমান চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভী মঙ্গলবারই ঢাকায় এসে পৌঁছেছেন।










