সুইজারল্যান্ডের বাসেলে রোববার নারী ইউরোর ফাইনাল নির্ধারিত ৯০ মিনিটে মীমাংসা হয়নি। ১-১ গোলে ড্র সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও মীমাংসা না হলে সাহায্য নেয়া হয় টাইব্রেকারের। স্পট-কিকের ভাগ্য পরীক্ষায় স্পেনকে ৩-১ গোলে হারিয়ে ইউরোর শিরোপা ধরে রাখে ইংল্যান্ডের মেয়েরা। ইংল্যান্ডের প্রথম কোনো দল হিসেবে বিদেশের মাটিতে বড় কোনো শিরোপা জিতল লিয়া উইলয়ামসনের দল।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ইউরো জয় করেছিল সারিনা উইগম্যানের দল। এ নিয়ে তৃতীয় কোচ হিসেবে তিনটি ইউরো জয়ের কৃতিত্ব দেখালেন ৫৫ বছর বয়সী সারিনা। এর আগে তার অধীনে ইউরো জয় করে নেদারল্যান্ডস।
ইংল্যান্ড জিতে যাওয়ায় কেঁদে বিদায় নিতে হলো স্পেনের মেয়েদের। তারা কখনই ইউরো জেতেনি। এমনকি এই প্রথম ফাইনালে ওঠে ‘লা রোজা’রা। ২০২৩ সালের বিশ্বকাপ জয় করা স্পেনের মেয়েদের কাছে ইউরো শিরোপা অধরাই থাকল।
২৫ মিনিটে মারিয়ানো কালদেন্তের গোলে লিড নেয় স্পেন। ৫৭ মিনিটে গোল পরিশোধ করেন অ্যালেসিয়া রুসো। নির্ধারিত ৯০ মিনিটে এর কোনো দলই আর গোল করতে না পারায় ম্যাচ গড়ায় অতিরিক্তি সময়ে। সেখানে প্রথম চার শটের মধ্যে তিনটিই মিস করেন স্পেনের খেলোয়াড়রা। অন্যদিকে, ইংল্যান্ডের মেয়েরা প্রথম চার শটের মধ্যে তিনটিতে গোল করে ইউরো জয় নিশ্চিত করে। হান্নাহ হ্যাম্পটন দুটি শট সেভ করে ইংল্যান্ডের জয়ের অন্যতম নায়ক।

টাইব্রেকারে জয়সূচক গোল করেন চোলে কেলি
১৯৮৪ সালের প্রথম আসর ও ২০০৯ সালের দশম আসরের রানার্সআপ ইংল্যান্ড অবশেষে ২০২২ সালে শিরোপার নাগাল পায়। ওয়েম্বলি ফাইনালে জার্মানিকে হারিয়ে দেয় উইগম্যানের দল। তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান মুকুট জিতলেন উইলিয়ামসন, চোল কেলিরা।
২০২৩ সালে সিডনি ফাইনালে ইংল্যান্ড কাঁদিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় স্পেন। আইতানা বোনমাতি, অ্যালেক্সিয়া পুতেলাসরা এবারও ফেভারিট হিসেবে খেলতে নামেন। ইউরো চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম ফাইনালে ওঠে ‘লা রোজা’রা। যদিও শিরোপা ছুঁয়ে দেখা হলো না তাদের। সিডনির প্রতিশোধ বাসেলে নিলেন লায়নেসরা।
সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছেন স্পেনের এস্থার গঞ্জালেস, সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জিতেছেন স্পেনের আইতানা বোনমাতি। শুধু ইউরো শিরোপাটিই জেতা হলো না তাদের।










