অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের সুযোগ তৈরি হয়েছে। বোলারদের দৃঢ়তায় নেপালকে মাত্র ১৪১ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা।

আজ রোববার (১ ডিসেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৪১ রানে থামে নেপাল।

আগে ব্যাটিংয়ে নেমে প্রত্যাশিত শুরু করতে পারেনি নেপালের দুই ওপেনার আকাশ ত্রিপাঠি ও মায়ান যাদব। এই দুইজন মিলে গড়েন ১৮ রানের জুটি। দলীয় ১৮ রানের মাথায় সাদ ইসলামের বলে মায়ানের বিদায় প্রথম ধাক্কা খায় নেপাল। ১২ বলে মাত্র ৪ রান আসে তার ব্যাট থেকে।এরপর ক্রিজে এসে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন আরেক ব্যাটার অর্জুন কাম।

দুই বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। শুরুর চাপ সামলে সান্তোষ যাদব ও আকাশ ত্রিপাঠির ব্যাটে প্রতিরোধ গড়ে নেপাল। তবে, এই জুটিও খুব বেশি বড় হয়নি। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার আকাশ ত্রিপাঠি। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ফাহাদ, ইমন ও রিজান।