কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে ৩০ রানের নাটকীয় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা গুয়াহাটিতে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও চালকের আসনে রয়েছে। প্রথম ইনিংসে তাদের করা ৪৮৯ রানের জবাবে স্বাগতিক ভারত মাত্র ২০১ রানে অলআউট! ২৮৮ রানে এগিয়ে থেকেও ভারতকে ফলো অন করায়নি সফরকারী দল। দ্বিতীয় ইনিংসে তারা আবার ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৬ রান তুলে তৃতীয় দিন মাঠ ছেড়েছে। দুই ইনিংস মিলে তাদের লিড ৩১৪ রানের।

বিনা উইকেটে ৯ রান নিয়ে আজ সোমবার সকালে ফের ব্যাটিংয়ে নামা ভারত যশস্বী জয়সোয়াল (৫৮) ও লোকেশ রাহুলের (২২) দৃঢ়তায় দারুণভাবে এগোতে থাকে। দলীয় ৬৫ রানের সময় রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন কেশব মহারাজ। এরপর দলীয় ৯৫ ও ৯৬ রানের সময় পরপর দুই ওভারে জয়সোয়াল ও সাই সুদর্শনকে আউট করেন স্পিনার সাইমন হারমার। দলীয় শতরানের পর মাত্র ২০ রানের ব্যবধানে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে ফেরান মার্কো ইয়ানসেন। ওয়াশিংটন সুন্দর (৪৮) ও কুলদীপ যাদব (১৯) অষ্টম উইকেটে ২০৮ বলে ৭২ রান যোগ করে দলকে লজ্জা থেকে বাঁচালেও দুশর আগে বিদায় ঘটে দুজনেরই। ওয়াশিংটনকে ফেরান হারমার, আর কুলদীপকে সাজঘরের পথ দেখান ইয়ানসেন। এরপর দলীয় ২০১ রানে জশপ্রীত বুমরাহ শিকার হন ইয়ানসেনের।

৪৮ রানে ৬ উইকেট নেন দীর্ঘদেহী পেসার ইয়ানসেন, যিনি ব্যাট হাতে করেন ৯১ বলে ৯৩ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়া হারমার নেন ৬৪ রানে ৩ উইকেট। এরপর রাইয়ান রিকেলটন (১৩*) ও এইডেন মারক্রাম (১২*) নির্বিঘ্নে দিন পার করেন।