ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দ্বিতীয় গ্লোবাল সুপার লিগের (জিএসএল) জন্য তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে তাকে দলে নিতে পারেনি নুরুল হাসান সোহানের দল।

জিএসএলের জন্য গত ১৯ জুন স্কোয়াড ঘোষণা করে রংপুর রাইডার্স। আগামী ১০ থেকে ১৮ জুলাই গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামে হবে জিএসএলের দ্বিতীয় আসর। গত বছর প্রথম আসরের শিরোপা জেতা রংপুরকে এবারও নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি, পাকিস্তানের ইফতিখার আহমেদ ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকে এ মিশনের জন্য দলভুক্ত করেছে রংপুর। তারা চেয়েছিল সাকিবকেও। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটি করা যায়নি।

সাকিব আওয়ামী লীগের সময় সংসদ সদস্য ছিলেন। সেই থেকে তিনি আর দেশে ফিরতে পারেননি। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও পারেননি। তাকে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডেও নিতে পারেনি বিসিবি। একই কারণে তাকে দলে নিতে পারেনি রংপুর।

সামগ্রিক বিষয় ব্যাখ্যা করে আজ রোববার সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের কেন, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি-এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

কোনো মহল থেকে নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে শানিয়ান তানিম বলেন, ‘সাকিবকে নেয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে।’

সাকিবকে নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান এক কূটনৈতিক উত্তর দিলেন। তিনি বলেছেন, ‘আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন, (সেই দল) অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশ অনেক বছর ধরেই হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।’