অস্ট্রেলিয়ার কাছে সদ্যই পাঁচ ম্যাচের হোম সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের কাছেও তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে বসে ক্যারিবীয়রা। টানা ছয় হারের পর অবশেষে জয় পেল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ১৪ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। আজ ভোরে মায়ামির লডারহিলে সিরিজের দ্বিতীয় ম্যাচে জেসন হোল্ডারের শেষ বলে মারা বাউন্ডারিতে ২ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় পেয়েছে স্বাগতিকরা। এ জয়ে সিরিজ ১-১ করল শাই হোপের দল। একই মাঠে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৩ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। জেসন হোল্ডার ১৯ রানে নেন ৪ উইকেট। দুর্দান্ত বোলিং করা আকিল হোসেন ১৬ রানে নেন ১টি উইকেট। হাসান নওয়াজ ২৩ বলে ৪০, সালমান আগা ৩৩ বলে ৩৮ ও ফখর জামান ১৯ বলে ২০ রান করেন।
রান তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে দুই ওপেনার আলিক আথানেজ ও জুয়েল অ্যান্ড্রুকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর নিয়মিত উইকেট পতনের মধ্যেও গুড়াকেশ মোটি (২০ বলে ২৮) ও শাই হোপের (৩০ বলে ২১) ব্যাটে লড়াইয়ে টিকে থাকে ক্যারিবীয়রা। শেষ দুই ওভারে ২৪ রান লাগলেও হোল্ডার ও রোমারিও শেফার্ডের দৃঢ়তায় জয়ের কাছাকাছি চলে যায় তারা। শেষ ৬ বলে প্রয়োজন পড়ে ৮ রান। ২০তম ওভারের দ্বিতীয় বলে শেফার্ডকে সাজঘরে ফেরান শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের প্রয়োজন ছিল ৪ বলে ৭ রান। টানা তিন সিঙ্গেল নেয়ার পর শেষ বলে প্রয়োজন ৪ রান। হোল্ডার স্ট্যাম্প ছেড়ে বেড়িয়ে গেলে শাহিনও বল আরো বাইরে করতে গিয়ে ওয়াইড দেন। ফলে, শেষ বলে লাগে তিন রান। দুই রান নিলেও ম্যাচ টাই হয়ে যাবে।
অতটা জটিলতায় না গিয়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারি মেরে ওয়েস্ট ইন্ডিজের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ হোল্ডার। ১০ বলে ১৬ রান করার আগে ১৯ রানে ৪ উইকেট শিকার করেন তিনি। ক্যাচও নেন দুটি। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন হোল্ডার।
এর আগে ১৫ জুন ব্রিডিতে আয়ারল্যান্ডকে সর্বশেষ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই থেকে টানা ছয় হারের তেতো স্বাদ পান মেরুর রঙা জার্সিধারীরা। তার আগে ইংল্যান্ড সফরে ৩-০তে ও বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে ৩-০তে হেরেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ২০২৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের কাছে তারা হোম সিরিজে হেরেছে ৩-১-এ।










