দুবাইয়ে ১২তম অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে আজ শুক্রবার দুটি সেমিফাইনালেই বৃষ্টি হানা দেয়। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের সেমিফাইনাল শুরু হলেও ওভার বেশ কমে গেছে। ম্যাচ হবে ২৭ ওভারের। টস জিতে ব্যাটিং বেছে নেয় লাল-সবুজরা। তারা ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ শেষ পর্যন্ত ২৬.৩ ওভারে ১২১ রানে অলআউট হয়ে যায়। এই রান দিয়ে পাকিস্তানকে চ্যালেঞ্জ জানানো যায়নি। বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। আরেক সেমিতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। রোববার ভারত-পাকিস্তান ফাইনাল।

গ্রুপ পর্বের খেলায় বুধবার শ্রীলংকাকে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ জয়ে তারা ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ও যুব এশিয়া কাপের পরাশক্তি ভারতকে এড়াতে সমর্থ হয়, সামনে পায় পাকিস্তানকে। আজ আরেক সেমিতে শ্রীলংকার বিপক্ষে ২০ ওভারে ১৩৯ রানের টার্গেট পায় রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন ভারত। সহজেই তারা এ রান তুলে নেয়।

বাংলাদেশ এ আসরের বর্তমান চ্যাম্পিয়ন। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলো জিতেছে আজিজুল হাকিমের দল। আফগানিস্তানকে ৩ উইকেটে, নেপালকে ৭ উইকেটে ও সর্বশেষ শ্রীলংকাকে ৩৯ রানে হারায় লাল-সবুজরা। তাদের ২২৫ রানের জবাবে লংকানরা ১৮৬ রানে গুটিয়ে যায়।