দীর্ঘদিন পর তিনি ঘোষণা দিয়েছেন তার নতুন অ্যালবাম ‘কনফেশনস টু’-র, যা ২০০৫ সালের জনপ্রিয় অ্যালবাম ‘কনফেশনস অন আ ড্যান্সফ্লোর’-এর ধারাবাহিকতা হিসেবে তৈরি হচ্ছে।

গত মঙ্গলবার হঠাৎ করেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দেন ম্যাডোনা। একই সঙ্গে নিজের পরিচিতি অংশে যুক্ত করেন তার জনপ্রিয় গান ‘হাং আপ’-এর একটি লাইন ‘সময় যেন খুব ধীরে চলে।’ এতে ভক্তদের মধ্যে নতুন অ্যালবাম নিয়ে কৌতূহল আরো বেড়ে যায়। পরদিন তিনি আনুষ্ঠানিকভাবে জানান, আগামী ৩ জুলাই প্রকাশ পাবে ‘কনফেশনস টু’।

নতুন অ্যালবামের প্রথম ঝলক হিসেবে প্রকাশ করা হয়েছে উদ্বোধনী গান ‘আই ফিল সো ফ্রি’-এর ১ মিনিটের একটি দৃশ্যচিত্র। গানটিতে তার আশির দশকের জনপ্রিয় গান ‘ইনটু দ্য গ্রোভ’-এর একটি অংশ নতুনভাবে ব্যবহার করা হয়েছে। শক্তিশালী সুর ও তালে গানটি আবারো নৃত্যসংগীতের আবহ তৈরি করেছে।

এটি হবে ২০১৯ সালের ‘ম্যাডেম এক্স’-এর পর ম্যাডোনার প্রথম অ্যালবাম এবং তার ক্যারিয়ারের ১৫তম অ্যালবাম। নতুন এ কাজে তিনি আবারো একত্র হয়েছেন ব্রিটিশ সংগীত প্রযোজক স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে, যিনি আগের অ্যালবামেও তার সহযোগী ছিলেন।

নতুন অ্যালবাম সম্পর্কে ম্যাডোনা বলেন, ‘অনেকে মনে করেন, নৃত্যসংগীত খুবই সাধারণ, কিন্তু তা সঠিক নয়। নাচের মঞ্চ শুধু একটি জায়গা নয়, এটি এমন এক ক্ষেত্র, যেখানে ভাষার বদলে শরীরের নড়াচড়া কথা বলে।’ তিনি আরো বলেন, ‘আমাদের শরীর দিয়ে নাচা, উদযাপন এবং প্রার্থনা করা, এসবই হাজার বছর ধরে চলে আসা এক ধরনের বিশেষ চর্চা।’

অ্যালবাম তৈরির অভিজ্ঞতা নিয়েও আবেগ প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, ‘অ্যালবামের কাজ গত কয়েক মাস আমার আত্মার জন্য ওষুধের মতো ছিল।’ কাজের সময় তার সন্তানদের উপস্থিতির ছবিও তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

এরই মধ্যে বিশ্বজুড়ে অ্যালবামটির প্রচারণা শুরু হয়েছে। বিভিন্ন শহরে এর পোস্টার দেখা যাচ্ছে। পাশাপাশি ধারণা করা হচ্ছে, জনপ্রিয় সংগীত উৎসব যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোচেলায়ও বিশেষ উপস্থিতি রাখতে পারেন ম্যাডোনা।

সব মিলিয়ে কনফেশনস টুর মাধ্যমে আবারো নৃত্যসংগীতের জগতে জোরালোভাবে ফিরছেন ম্যাডোনা—এমনটাই মনে করছেন তার ভক্তরা।

সূত্র: বিবিসি