দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস। সংগীতের এ দল পার করেছে চার দশক। এখনো গানে-গিটারে প্রাণবন্ত। মঞ্চে মাইলস মানে তরুণ প্রাণে অন্য রকম উন্মাদনা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এর সমান জনপ্রিয়তা। তাই দেশে যতটা কনসার্ট নিয়ে ব্যস্ততা, তার চেয়ে ঢের ব্যস্ততা বিদেশের শো নিয়ে। সম্প্রতি ব্যান্ডটি ‘লিগ্যাসি ট্যুর ইউএসএ ২০২৫’ শিরোনামে কনসার্ট নিয়ে পুরো যুক্তরাষ্ট্র ঘুরে বেড়াচ্ছে। প্রবাসী বাংলাদেশী ছাড়াও তাদের কনসার্টে মেতে উঠছে বিভিন্ন দেশের হাজারো শ্রোতা। ১১ এপ্রিল হিউস্টনের স্ট্যাফোর্ডে সেন্টার অডিটোরিয়াম থেকে কনসার্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এবার দলটির ৩০তম আমেরিকা ট্যুর অ্যানিভার্সারি। ১৯৯৬ সালে প্রথম আমেরিকায় ট্যুর শুরু করা প্রথম বাংলাদেশী ব্যান্ড হিসেবে এ অর্জন মাইলসের জন্য একটি অনন্য গৌরব বলে জানিয়েছেন দলটির প্রধান হামিন আহমেদ। হিউস্টনের কনসার্টে মাইলসের গান শুনে দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ে। ব্যান্ডের প্রধান ভোকাল হামিন আহমেদ বলেন, হিউস্টনের দর্শকের সামনে পারফর্ম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ ভালোবাসা আমাদের অনুপ্রেরণা।’ পরদিন অর্থাৎ ১২ এপ্রিল মাইলস পৌঁছে যায় মিয়ামিতে, যেখানে মারগলিস অ্যাম্ফিথিয়েটারে তিন হাজারের বেশি দর্শকের সামনে পারফর্ম করে মাইলস। আয়োজকদের মতে, এটি মিয়ামিতে এখন পর্যন্ত আয়োজিত সবচেয়ে বড় বাংলাদেশী মিউজিক কনসার্ট। মাইলসের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি তারা পরিবেশন করে বিভিন্ন অ্যালবামের মৌলিক বাংলা গান, যা দর্শকের মন ছুঁয়ে যায়।