নির্মাতা কাজী বাহাদুর হিমু নির্মিত নাটক পাথরে লেখা নাম। গত বৃহস্পতিবার জি-সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। যেখানে আরেকটি নতুন চরিত্রে দেখা মিলেছে সাদিয়া আয়মানের। তার বিপরীতে আছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। এর আগে এ জুটি ‘ভালোবাসার দ্বিতীয় পত্র’, ‘সে থাকে আড়ালে’, ‘প্রেমের জোনাকি’, ‘মন খারাপের দিন’, ‘হোম ওয়ার’, ‘হোপ’, ‘পাতাবাহার’, ‘লাভ টর্চার’, ‘বর্ষা ও বাদলের সংসার’, ‘ভেসে যাওয়া কোনো হাওয়ায়’, ‘ভুগিজুটি ফাইন্যান্স’, ‘উড়েছে এ মন’, ‘শেষের বিন্দু’সহ আরো বেশকিছু নাটকে অভিনয় করে দর্শকের মনোযোগ কেড়েছিলেন। সেই সুবাদে আরো একবার জুটি বেঁধেছেন ‘পাথরে লেখা নাম’ নাটকে।

এ দুই তারকার পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মিলি বাসার, আজম খান, সার্জিল আহমেদ, শেখ স্বপ্না, ফয়েজ ফারাবি, মেহেরীন জাহান, শ্রাবণ প্রমুখ। নাটকটির কাহিনী লিখেছেন মো. সাইফুর রহমান কাজল। চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর হিমু।

সাদিয়া আয়মানের কথায়, তিনি নিজে যে ধরনের কাজ করতে চান, তার জন্য অপেক্ষায় থাকতে রাজি আছেন এবং এও বিশ্বাস করেন যে প্রত্যাশামাফিক কাজের সুযোগ কখনো না কখনো আসবেই। তাই জনপ্রিয়তার মোহে যেকোনো কাজ করার ইচ্ছা নেই। এ ভাবনা থেকেই পাথরে লেখা নাম নাটকটি বেছে নেয়া।