এযুগের সংগীতশিল্পী পারশা মাহজাবীন। গত ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তে অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন। এর মাত্র পাঁচ মাসের ব্যবধানে ফের অভিনয় করেছেন তিনি। এবার তিনি একই নির্মাতার নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একগুচ্ছ কদম’-এ অভিনয় করেছেন।

শুধু ৫ মিনিট ১৫ সেকেন্ডের এ নির্বাক সিনেমায় পারশা মাহজাবীন ও প্রান্ত আবিদের মুখে কোনো সংলাপ নেই। আছে শুধু ঝুম বৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের শব্দ ও খুদেবার্তায় আলাপ। শেষ মুহূর্তে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের হৃদয় ও অনুভূতির মিলন ফুটে উঠেছে। পরিচালক নির্মাণ করেছেন প্রতিটি দৃশ্যের প্রতিটি মুহূর্তকে বিশেষভাবে সাজিয়ে, যেন দর্শককে ছোট্ট সময়ের মধ্যেও গভীর অনুভূতি উপহার দেয়া যায়।

মুক্তির পরই সিনেমাটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় সিনিমাটি নিয়ে দর্শক প্রশংসা করছেন পারশা ও প্রান্তর অভিনয় এবং নির্বাক চলচ্চিত্রের অভিনব প্রয়াসের জন্য।

‘ক্লোজআপ কাছে আসার গল্প’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সবসময়ই দর্শকের মধ্যে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রতি বছর বিশেষ দিনে দর্শক অধীর আগ্রহে নতুন গল্পের অপেক্ষা করে থাকেন। গত বছর থেকে প্রতি মাসে নতুন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিচ্ছে নির্মাণ দল। এবার প্রথমবারের মতো তারা দর্শকের জন্য উপহার দিয়েছেন নির্বাক চলচ্চিত্রের নতুন অভিজ্ঞতা, যা পারশা মাহজাবীনের অভিনয়কে আরো সমৃদ্ধ করেছে এবং দর্শককে সরল অথচ গভীর আবেগের জগতে নিয়ে গেছে।