সঞ্জয় দত্ত ও সালমান খান এখন সৌদি আরবে। হলিউডের একটি সিনেমায় ক্যামিও চরিত্রে তারা শুটিং করছেন সেখানে। সম্প্রতি তার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। অবশ্য এটি সৌদি আরবের কোন জায়গায় হচ্ছে, সেটি জানা যায়নি। আর্জেন্টাইন সিনেমা ‘সেভেন ডগ’-এর হলিউড রিমেকে কাজ করেছেন সঞ্জয় ও সালমান। এটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে।

ভাইরাল হওয়া ভিডিওতে বলিউডের দুই অভিনেতাকে শুটিং সেটে দেখা গেছে। সালমান ছিলেন গ্ল্যামারহীন সাদামাটা লুকে, অন্যদিকে সঞ্জয় নেভি ব্লু স্যুটে ড্যাপার লুক। আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন, এ সিনেমার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে হাজির হতে যাচ্ছেন বলিউডের এ দুই সিনিয়র অভিনেতা।

ভিডিও ক্লিপে সালমানকে দেখা গেছে অটো রিকশার পাশে খাকি পোশাকে। এ থেকে ধারণা করা হচ্ছে, তার চরিত্রটি সমাজের সাধারণ মানুষের। আরেকটি ক্লিপে তাকে দেখা গেছে চেক শার্টে, তার কলারের নিচে গোঁজা ছিল লাল রুমাল। এটা মুম্বাইয়ের শ্রমজীবী মানুষের ঐতিহ্যবাহী সাজ। শট নেয়ার মাঝে সালমানকে দেখা গেল ক্রুদের সঙ্গে কথা বলতে।

একেবারে ভিন্ন চরিত্রে দেখা গেছে সঞ্জয় দত্তকে। নেভি ব্লু রঙের স্যুটে তাকে দেখে মনে হয়েছে, কোনো প্রভাবশালী মানুষের চরিত্রে কাজ করছেন। বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করেছে যে হলিউডের এ থ্রিলার সিনেমায় সঞ্জয় দত্তকে গুরুত্বপূর্ণ অনেক দৃশ্যে দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানাচ্ছে, আন্তর্জাতিক অনেক বাজারে সালমান ও সঞ্জয়ের বেশ পরিচিতি আছে, বিশেষত মধ্যপ্রাচ্যে। তাই সিনেমায় সালমান ও সঞ্জয়ের উপস্থিতি বেশ কয়েকটি অঞ্চলের দর্শককে টানতে ভূমিকা রাখবে। তবে সালমান কিংবা সঞ্জয় কেউই হলিউডের সিনেমায় কাজ করা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। সিনেমার প্রডাকশন টিম থেকেও এ বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

অন্যদিকে ভারতে সামনে মুক্তি পাবে সালমানের ‘সিকান্দার’। এ সিনেমায় তার সঙ্গে আছেন দক্ষিণের অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। পরিচালনা করেছেন ‘গজনি’র পরিচালক এআর মুরুগাদোজ। সিনেমাটি মুক্তি পাবে এ বছর ঈদুল ফিতরে।

সূত্র: বলিউড হাঙ্গামা