বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। যিনি অনন্তের উদ্দেশে পাড়ি জমিয়েছেন ছয় বছর আগে। তবে আজও ভক্তদের মনে জীবিত তিনি। তার পুরনো গানগুলো ভক্তদের কাছে এখনো প্রশান্তির খোরাক। এবার কিংবদন্তি এ শিল্পীর কণ্ঠে নতুন গান শুনবেন শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ উপলক্ষে প্রকাশ করা হচ্ছে এ গিটার জাদুকরের আরেকটি অনবদ্য সৃষ্টি।

ব্যান্ড এলআরবির অফিশিয়াল ফেসবুক পেজে সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়েছে। এলআরবি সদস্যদের কাছে থেকে জানা গেছে, আইয়ুব বাচ্চুর রেকর্ডিং স্টুডিও এবি কিচেনের হার্ডডিস্কে এমন অনেক গান আছে, যেগুলো এখনো অপ্রকাশিত। নন্দিত এ শিল্পী ও সংগীতায়োজক কখনই কোনো অ্যালবামের জন্য নির্দিষ্টসংখ্যক গান তৈরি করেননি। অনেক গান তৈরির পর সেখান থেকে বাছাই করা গান নিয়েই সবসময় অ্যালবাম সাজাতেন। বাকি গানগুলো থেকে যেত এবি কিচেনের হার্ডডিস্কে। সেই অপ্রকাশিত গানগুলো নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে এবি ফাউন্ডেশন, যার সূচনা হচ্ছে ‘ইনবক্স’ গানটি প্রকাশের মধ্য দিয়ে। নিয়াজ আহমেদ অংশুর লেখা এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু নিজে। ভিডিও নির্মাণ করছে কোলাহল কমিউনিকেশন।

ইনবক্স গানটি আগামী ১ ডিসেম্বর প্রকাশ করা নিয়ে এলআরবি সদস্যরা জানান, এক দশক আগে আইয়ুব বাচ্চুর নেতৃত্বে ও চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ব্যান্ড ফেস্ট। এরপর প্রতি বছর এ দিনে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে এটি। পরবর্তী সময়ে এ দিনকে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে হিসেবে পালন করার ঘোষণাও দেয়া হয়। তাই দেশীয় ব্যান্ড সংগীতের বিশেষ দিনটি আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান রিলিজের জন্য বেছে নেয়া হয়েছে। তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা বলেন, ‘আইয়ুব বাচ্চুর ভক্ত-অনুরাগীরা অপ্রকাশিত গানগুলোর কথা শোনার পর থেকেই শুধু জানতে চাইছেন, সেগুলো কবে প্রকাশ পাবে। এ প্রত্যাশা দেখে অনুমান করা যায় আইয়ুব বাচ্চুর প্রতি তাদের ভালোবাসা কতখানি। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি, অপ্রকাশিত গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দেয়ার পাশাপাশি অমর এ শিল্পীর সমস্ত সৃষ্টি আর্কাইভ করে রাখার।’ এ বিষয়ে এলআরবির আবদুল্লাহ মাসুদ, গীতিকার নিয়াজ আহমেদ অংশু, শিল্পী জুয়েল মোর্শেদ ও শুভ সবরকম সহযোগিতার পাশাপাশি নিরলস কাজ করে যাচ্ছেন।