নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান
নতুন বছরে দর্শকদের বলি, আমার সঙ্গে এতদিন থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাসই আমাকে প্রতিনিয়ত নতুন করে কাজ করার অনুপ্রেরণা দেয়। দর্শকরা প্রতিটি মুহূর্তে আমার পাশে থাকায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদের জন্যই নতুন বছরে ট্রাইব্যুনাল নিয়ে আসছি। নাটকে আপনারা যেমন আমাকে ভালোবাসা দিয়েছেন, ঠিক তেমনি বড় পর্দাতেও আপনাদের সেই ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও সমর্থন পাওয়ার আশা রাখি। এ বছরে আমার পরিকল্পনা হচ্ছে ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের সঙ্গে থাকা, যেমনটা আমি আগেও ছিলাম। আমার নতুন সিনেমা আসছে। কাজটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এখানে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। ইনশাআল্লাহ এ বছর সিনেমাটি মুক্তি পাবে।










