অস্কারজয়ী পরিচালক গিয়েলরমো ডেল টোরো শুরু করেছেন নতুন ছবি নাইটমেয়ার অ্যালাই-এর শুটিং, সঙ্গে আছেন কেট ব্লানচেট ও ব্রাডলি কুপার। ছবির চিত্রনাট্য লিখেছেন কিম মরগান ও ডেল টোরো মিলে। ১৯৪৬ সালে একই নামে প্রকাশিত একটি উপন্যাসকে ভিত্তি করে নির্মিত হয়েছে ছবির কাহিনী।
দ্য শেপ অব ওয়াটারখ্যাত পরিচালক ডেল টোরোর এ নতুন ছবিতে অভিনয় করবেন ব্রাডলি কুপার ও কেট ব্লানচেট। কুপার আ স্টার ইজ বর্ন ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন, আর ওশান’স এইট ছবিতে কেট ব্লানচেট মনোযোগ কেড়েছেন। নাইটমেয়ার অ্যালাই ছবিতে আরো একটি প্রধান চরিত্রে থাকছেন রুনি মারা।
যে উপন্যাসটিকে ভিত্তি করে নাইটমেয়ার অ্যালাই নির্মাণ করা হবে, সেটি লিখেছিলেন উইলিয়াম লিন্ডসে গ্রেশাম। ছবিতে ব্রাডলি কুপারকে দেখা যাবে কার্নিভালে কাজ করা এক চটপটে তরুণ হিসেবে। এ তরুণ আশপাশের মানুষকে খুব প্রভাবিত করতে পারেন। ছবির গল্প মোড় নেয় যখন তরুণ কুপারের সঙ্গে সাক্ষাৎ হয় মনোবিদ কেট ব্লানচেটের।
অনেক গণমাধ্যম বলছে, নাইটমেয়ার অ্যালাই ছবিটি হবে ২০১৭ সালে ডেল টোরোর অস্কারজয়ী ছবি দ্য শেপ অব ওয়াটারের ফলোআপ। রুনি মারাকে দেখা যাবে কার্নিভালের তরুণ কর্মী হিসেবে।
নাইটমেয়ার অ্যালাই ছবিতে আরো অভিনয় করবেন অ্যাট এটার্নিটি’জ গেটখ্যাত উইলেম ডিফো। ইন্ডিওয়্যারকে দেয়া এক সাক্ষাত্কারে ডেল টোরো বলেছেন, তিনি ও কিম মরগান মিলে চেষ্টা করেছেন উইলিয়াম গ্রেশামের উপন্যাসে বর্ণিত অন্ধকার দুনিয়াকে তুলে আনতে।
সূত্র : পিংকভিলা










