গত বছর বড়দিনে মুক্তি পায় ‘বেবি জন’। সিনেমাটিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশ। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থেরি’র রিমেক এটি। এ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হলো অভিনেত্রী কীর্তি সুরেশের। তবে অভিষেকটা খুব বেশি ভালো হয়নি। থেরি গত আট বছরে বহু দর্শক দেখেছেন, তাদের খুব একটা আগ্রহ নেই বেবি জন দেখার। তবু কীর্তি বেশ খুশিই। সম্প্রতি তিনি জানালেন, বেবি জনের জন্য তার নাম প্রস্তাব করেছিলেন সামান্থা রুথ প্রভু। থেরিতে তিনি অভিনয় করেছিলেন থালাপতি বিজয়ের বিপরীতে।

সম্প্রতি গ্যালাটা ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে কীর্তি বলেন, ‘আমার মনে হয় রিমেক নিয়ে যখন কথা হচ্ছিল, আমার কথা সামান্থার মাথায় এসেছিল। বরুণ অন্তত আমাকে তাই বলেছে। আমি এজন্য তার (সামান্থা) কাছে কৃতজ্ঞ। কেননা তিনিই বলেছিলেন, ‘‘এ চরিত্র কীর্তিই ঠিকমতো করতে পারবে।’

অ্যাটলি কুমার নির্মিত থেরি জনপ্রিয়তা পেয়েছিল ভারতজুড়ে। থালাপতি বিজয়কেও সিনেমাটি পরিচয় করিয়ে দিয়েছিল নতুন করে। তবে এ সিনেমায় সামান্থার চরিত্রটিও প্রশংসা পেয়েছে। সিনেমার কেবল প্রথমার্ধে অভিনয় করলেও তিনি একটা স্থায়ী ছাপ রেখেছেন পুরো সিনেমায়। তার মিত্র চরিত্রটি নিয়ে কীর্তি বলেন, ‘সামান্থার চরিত্রটা তামিল সিনেমায় আমার অন্যতম প্রিয় চরিত্র। সে চরিত্রে অভিনয় করতে গিয়ে প্রথম দিকে আসলে আমি বেশ ভীত ছিলাম।’

বেবি জন নিয়ে সামান্থা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। সিনেমাটির ট্রেলার আসার পর সামান্থা সেটি ইনস্টাগ্রামে শেয়ার করেন। সত্যি বলতে আমার অভিষেক এর চেয়ে ভালো হতে পারত না। সামান্থার ওই চরিত্র আমার খুব পছন্দ আর হিন্দিতে সেটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

কীর্তি ও সামান্থা একসঙ্গে অভিনয় করেননি বললেই চলে। তবে ২০১৮ সালের ‘মহানটী’ সিনেমায় দুজনই ছিলেন। দুটো আলাদা সময়ের দুই চরিত্রে অভিনয় করেছিলেন তারা। নিকট ভবিষ্যতে সামান্থার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কীর্তি, এমনটা দর্শকও চান।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস