নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান

নতুন বছরে দর্শক ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলতে চাই—যারা আমাকে ভালোবাসেন, এত বছর ধরে আগলে রেখেছেন, আমার ভুলত্রুটি ক্ষমা করে পাশে থেকেছেন, বিপদে-আপদে সবসময় আমার সঙ্গে ছিলেন—আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আপনাদের নতুন বছর যেন আনন্দ, সুস্থতা আর ভালোবাসায় ভরে ওঠে, এই কামনা করি। আপনাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান হিসেবে আমি চেষ্টা করব আরো ভালো কাজ উপহার দিতে, ইনশাআল্লাহ। যেন আপনারা আমাকে নিয়ে গর্ব করতে পারেন, সেই চেষ্টাই থাকবে সবসময়। নতুন বছরে আমার প্রধান কাজের পরিকল্পনা হচ্ছে ভালো ভালো স্ক্রিপ্ট বেছে নেয়া এবং শক্তিশালী গল্পে কাজ করা, যে গল্পগুলো মানুষের মনে দাগ কাটবে। অভিনয়নির্ভর গল্পে কাজ করার আগ্রহ আছে। আর যদি অ্যাকশন করি, তাহলে সেটি হবে প্রপার অ্যাকশন। যদি রোমান্টিক কাজ করি, তাহলে প্রপার রোমান্টিক গল্পে কাজ করব। সব মিলিয়ে নতুন বছরে দর্শকদের জন্য মানসম্মত, মনে রাখার মতো ভালো কাজ উপহার দেয়ার চেষ্টা থাকবে।