বিজয়ের মাস উদযাপন উপলক্ষে প্রথম প্রভাত অনুষ্ঠানের আয়োজন করেছে শিল্প-সাহিত্য-সংস্কৃতির সংগঠন পদক্ষেপ বাংলাদেশ।

রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতায় সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। এ সময় উদ্বোধক হিসেবে বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে নৃত্যাক্ষ (এক সাগর রক্তের বিনিময়ে) এবং মন্দিরা সাংস্কৃতিক পাঠশালা (রাঙামাটির রঙে চোখ জুড়াল)।

দলীয় সংগীতে অংশ নেয় পদক্ষেপ বাংলাদেশ (মুক্তির মন্দির সোপান তলে) ও সুরনন্দন নজরুল সংগীত চর্চা কেন্দ্র (ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি এবং আমার দেশের মতো এমন দেশ)।

একক সংগীত পরিবেশন করেন মারুফ হোসেন (সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি), নূর মো. রাজু (মোরা একটি ফুলকে বাঁচাব বলে), মিতু রহমান ও নীলা হাসান।

একক আবৃত্তি পরিবেশন করেন নায়লা তারান্নুম চৌধুরী কাকলি, সৈয়দ ইফতেখার আলী, তছলিম উদ্দিন সৌরভ এবং ফরিদুজ্জামান।

দলীয় আবৃত্তিতে অংশ নেয় কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র ও কণ্ঠশীলন।