নাট্যপ্রেমীদের মন জয় করছেন অভিনেত্রী নাজনীন নাহার নীহা। ইন্ডাস্ট্রিতে কাজের স্বল্পতা থাকা সত্ত্বেও নিজের অভিনয় দক্ষতা ও স্বতন্ত্র ভঙ্গিমার মাধ্যমে নিজেকে দর্শকের চোখে একটি বিশেষ স্থান তৈরি করতে সক্ষম হয়েছেন তিনি।
সম্প্রতি প্রকাশিত ‘সহযাত্রী’ নাটকে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। নীহা বলেন, ‘অনেকেই আমার বাস্তব জীবন ও নাটকের চরিত্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারছে। আমাদের জুটিটা দর্শকের খুব পছন্দ হয়েছে। দর্শকের ইতিবাচক সাড়া পেয়ে সত্যিই আনন্দিত।’ এ নাটকের মাধ্যমে নীহা তার অভিনয় জীবনে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছেন।
চলতি বছর নীহা যে নাটকগুলোয় অভিনয় করেছেন, সেগুলোও তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। এ নাটকগুলোর মাধ্যমে অনেক দর্শকের প্রিয় অভিনেত্রী হিসেবে স্থান পেয়েছেন তিনি। নীহা জানান, অভিনয়ের ক্ষেত্রে তিনি সবসময় বুঝে-শুনে গল্প বাছাই করেন। তিনি বলেন, ‘অল্প সময়ে যে ভালোবাসা পেয়েছি দর্শকের কাছ থেকে, সেটা অমূল্য। ফলে আমার দায়িত্বও অনেক বেড়ে গেছে। তাই নাটক নির্বাচনেও আমি সতর্ক।’
নীহা সিনেমায় কাজ করার বিষয়ে স্পষ্ট জানান, বর্তমানে তার মূল মনোযোগ নাটকে। তিনি বলেন, ‘সিনেমা করব না এমন নয়। তবে এখন আমি নাটকে অভিনয় উপভোগ করছি। নাটকের প্রতি আমার অন্য রকম ভালোবাসা গড়ে উঠেছে। এ মুহূর্তে অন্য কিছু ভাবছি না।










